মায়ের শর্ত পূরণ করেই লাল–সবুজের তানজিদ
বাংলাদেশ দলের সঙ্গে এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন তানজিদ। বাঁহাতি এ ওপেনার গতকাল রাতে একাদশে জায়গা পাননি। ১২ মে শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুটি ফিফটি ছিল তানজিদের। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ওপেন করেছেন লিটন দাস ও সৌম্য সরকার। সে যা–ই হোক, তানজিদের ডাকনাম তো প্রায় সবারই জানা—‘তামিম।’ বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা ওপেনার তামিম ইকবালের সঙ্গে নামটা প্রায়ই গুলিয়ে ফেলেন অনেকেই।
বিসিবির ভিডিওতে তানজিদ জানিয়েছেন তাঁর এই নাম রাখার নেপথ্যে ছিলেন কারা, ‘দাদি আর দাদা মিলে আমার এই নামটা দিয়েছেন। আসলে তখন তাঁরা এই জিনিসটা ভেবে (নাম রাখেননি) দেননি।’
তানজিদ বগুড়ার ছেলে। সরকারি চাকরিজীবী বাবা চেয়েছিলেন ছেলে পড়াশোনা করে পেশা হিসেবে চাকরিকেই বেছে নেবেন। কিন্তু ছেলে স্বপ্ন দেখেছেন ক্রিকেট নিয়ে। সে জন্য বাবা তাঁকে বাড়ি থেকে বেশ কয়েকবার বেরও করে দিয়েছেন। সেসব দিনের কথা স্মরণ করে তানজিদ বলেছেন, ‘সব মা–বাবাই চান তাঁর ছেলে পড়াশোনা করে অনেক ভালো কিছু হবে, ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে। আমার মা–বাবাও সেই স্বপ্নই দেখেছিল। গ্রাম থেকে শহরে নিয়ে এসেছিলেন পড়াশোনা করার জন্য। জিলা স্কুলে পড়াশোনা করি। খেলার ওপর অনেক ঝোঁক ছিল। যখনই ছুটি পেতাম কিংবা পড়াশোনার ফাঁকে যেটুকু সময় পেতাম, খেলাধুলা করেছি।’


0 Comments